গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার কৃতী সন্তান রেঁনেসা মাহমুদ যুক্তরাষ্ট্রের শিক্ষা জীবনে অসাধারণ সাফল্য অর্জন করে গাইবান্ধা জেলা, প্রবাসী বাংলাদেশি সমাজ এবং দেশের জন্য গৌরবের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মিডল স্কুল গ্রাজুয়েশন সেরিমনিতে তিনি অর্জন করেছেন সম্মানজনক 'প্রেসিডেন্টস এডুকেশন অ্যাওয়ার্ড' ও 'ভ্যালিডিক্টোরিয়ান' সম্মাননা। সেই সঙ্গে হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরিত প্রশংসাপত্র পাওয়ায় তার এ অর্জন নতুন মাত্রা পেয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় লক্ষ-কোটি শিক্ষার্থীর মধ্য থেকে খুব অল্পসংখ্যক মেধাবী শিক্ষার্থী এ সম্মানের জন্য নির্বাচিত হওয়ার সুযোগ পায়। শুধুমাত্র ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীর সর্বোচ্চ জিপিএ, নেতৃত্বগুণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, খেলাধুলায় সাফল্য, সামাজিক দায়িত্ববোধ এবং স্বেচ্ছাসেবামূলক নিঃস্বার্থ কর্মকাণ্ডের দীর্ঘ রেকর্ড পর্যালোচনা করেই 'ভ্যালিডিক্টোরিয়ান' হিসেবে বাছাই করা হয়।
রেঁনেসা মাহমুদ তার মেধা, অধ্যবসায়, শৃঙ্খলা, নেতৃত্ব ও বহুমুখী প্রতিভার সমন্বয়ে এ বিরল সম্মান অর্জন করেছেন। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলি, সৃজনশীলতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি শিক্ষক ও সহপাঠীদের কাছেও ছিলেন অত্যন্ত প্রশংসিত।
স্থানীয়রা বলছেন, আমেরিকার মতো প্রতিযোগিতাপূর্ণ দেশে প্রেসিডেন্টের স্বীকৃতি অর্জন নিঃসন্দেহে বড় গৌরবের বিষয়। বিশেষ করে গাইবান্ধার একটি পরিবারের সন্তান হিসেবে রেঁনেসার এই অর্জন জেলার মানুষের জন্য বাড়তি আনন্দ ও সম্মানের। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই লিখছেন গাইবান্ধার মেয়ে বিশ্বমঞ্চে জেলার মুখ উজ্জ্বল করেছে।
গাইবান্ধার সচেতন মহলের মতে, এ অর্জন শুধু একটি পরিবারের নয়, পুরো জেলার গর্ব। কারণ দীর্ঘদিন ধরে অবহেলিত হিসেবে পরিচিত গাইবান্ধা থেকেও যে আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রাখা সম্ভব, রেঁনেসা তার উজ্জ্বল উদাহরণ। তার এই সাফল্য জেলার নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং শিক্ষা ও মানবিক মূল্যবোধে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলেও মনে করছেন অনেকে।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝেও রেঁনেসার এ অর্জন ব্যাপক প্রশংসিত হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, বিদেশের মাটিতে বাংলাদেশের একজন কন্যার এমন স্বীকৃতি পুরো কমিউনিটির জন্য গর্বের।
পরিবারের সদস্যরা জানান, রেঁনেসা সবসময়ই নিজেকে বড় পরিসরে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও পরিবারের অনুপ্রেরণায় তিনি আজ এ অবস্থানে পৌঁছেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি আরও বড় অর্জনের মাধ্যমে বাংলাদেশ ও গাইবান্ধার মুখ উজ্জ্বল করবেন।
রেঁনেসা মাহমুদের এই অর্জন আবারও প্রমাণ করেছে মেধা, পরিশ্রম, সুশিক্ষা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ থাকলে বাংলাদেশের সন্তানরা বিশ্বের যেকোনো প্রান্তে সম্মানের আসন তৈরি করতে সক্ষম। তার এই সাফল্য এখন গাইবান্ধাবাসীর গর্ব, প্রবাসীদের আনন্দ এবং দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক।