নওগাঁর আলোচিত বলাকা ক্লিনিক এ সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের এক নবজাতককে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর নবজাতকের খোঁজ মিলছে না। এ ঘটনায় বাবা শান্ত ইসলাম বাদি হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।
এ ঘটনায় নওগাঁর বলাকা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেয়ার অভিযোগও করেছেন শান্ত ইসলাম । গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনা ঘটে ওই ক্লিনিকে ।
শান্ত ইসলামের অভিযোগ, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ১২ ও ২১ অক্টোবর দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। উভয় পরীক্ষার প্রতিবেদনেই গর্ভে যমজ জীবিত ভ্রূণ থাকার কথা উল্লেখ ছিল।
১২ অক্টোবর জয়পুরহাটের আক্কেলপুরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনে দু্ই জীবিত ভ্রূণের উপস্থিতির কথা বলা হয়। সেখানে উভয়ের হৃদস্পন্দন প্রতি মিনিটে ১৪৭ বার উল্লেখ করা হয়। পরে ২১ অক্টোবর নওগাঁর রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনেও দুটি জীবিত ভ্রূণের কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে তাদের হৃদস্পন্দন যথাক্রমে ১৪৬ ও ১৪০ বার প্রতি মিনিটে পাওয়া যায়। সম্ভাব্য ওজন উল্লেখ করা হয় ২ হাজার ৩৩১ ও ২ হাজার ৪৮৬ গ্রাম।
শান্ত ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকেলে চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে তাঁর স্ত্রীকে নওগাঁর বলাকা ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে ওই চিকিৎসকের অধীনে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী। কিন্তু অস্ত্রোপচারের পর পরিবারের কাছে একটি নবজাতক হস্তান্তর করা হলেও অপর সন্তানটির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়া হয়নি।
শান্ত ইসলামের অভিযোগ, অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেয়নি। বরং বিষয়টি ধামাচাপা দিতে তাঁকে আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ঘটনায় তিনি নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অপর নবজাতকের সন্ধান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
শান্ত ইসলামের স্ত্রী শান্তনা আক্তার বলেন, আমার জমজ সন্তানের বিষয়ে ভালো ডাক্তার এর পরামর্শ ও চিকিৎসার জন্য ডা: ডা. মাহফুজা খাতুনের কাছে আসি তিনি চেকআপ করে সে জানায় দ্রুত সিজার করতে হবে আমি তার কথা মতো বলাকা ক্লিনিকে এসে ভর্তী হই। সিজারের আগেও জানি আমার দুইটা বেবী একটা ছেলে একটা মেয়ে সিজারের পর একটা মেয়েকে দেখায় আমাকে এবং আমার পরিবারকে। এরপর পরিবারের লোকজন চিৎকার শুরু করলে তারা আমার পেটের কাটা সেলাই না করে আমাকে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট রেখে দেয়।
এরপর মোবাইল দিয়ে ভিডিও করে ক্লিনিক কর্তৃপক্ষ হুমকি দিয়ে বলে আমরা যদি বিষয়টা মেনে না নেই তা হলে আমাকে এই অবস্থায় রেখে দিবে। পরে আমার কাঁপুনি শুরু হলে আমি তাদের বলি আপনাদের সব কথা শুনব আগে পেটের সেলাইটা করে নেই।
তারপর ডাক্তার আমার সাথে রাগারাগি ও হুমকি ধামকি দিয়ে মোবাইল দিয়ে ভিডিও নিয়ে তারপর পেটের কাটা সেলাই করে। আমার দুই বেবীকে আমি চাই আমার বেবিকে তারা কোথায় রেখেছে৷ কিন্তু তারা কোন কিছু উত্তর না দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দিতে শুরু করে।
বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক জানান, ডাক্তার মাহফুজার রুগী তার পরামর্শে হাসপাতালে ভর্তী হয় সেই ডাক্তার নিজে অপারেশন করেছেন বাচ্চা ১ না ২ টা সেই ডাক্তার বলতে পারবে আমরা কিছু জানি না।
বিষয়ে জানতে অভিযুক্ত চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য দেননি।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, নবজাতকের বাবা নিজে থানায় গিয়ে অভিযোগ করেছেন সদর থানায়। অফিসার ইনচার্জ সহ আমরা বিষয়টি তদন্ত করছি তদন্ত শেষ ব্যবস্থা গ্রহণ করবো।