গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে জিহাদ (৬) ও সুইটি (১৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার নগরহাওলা ও দক্ষিণ ধনুয়া এলাকায় এ মর্মান্তিক এই দুই ঘটনা ঘটেছে।
নিহত জিহাদ নগরহাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরদিকে সুইটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। পরিবারটি দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় জিহাদ। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তার জুতা দেখতে পান। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে জিহাদকে উদ্ধার করে জৈনা বাজারের আল-বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দক্ষিণ ধনুয়া এলাকায় বান্ধবী ও সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। এ সময় সঙ্গে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে সে নিজেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় এক কৃষক পুকুর থেকে সুইটির মরদেহ উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।